নেশার কালো রঙ তখন আমার চোখেমুখে
রক্তে রক্তে প্রবাহিত জন্মান্তরের বিষ, এ ঘোর কালকূট
বুঝি না আমি অপত্য স্নেহ, চাই নাই পুত্রসন্তান ।
নাই বা রইল ফিরে পাওয়া জীবনের দায়ভার কঠোর শরীরে,
এখনো হাড় কাটে কঠিন শীত, জানান দেয় জান্তব মোহ ।
এ সকল সত্য, তা’ও হয়ত আমার নয়, অন্য কোনো এপার্টমেন্ট
আমি শুধু জানি, সকল শরীর লয়ে, আমি অরণ্যচারী
এ শহরে আমি আদ্যন্ত ভবঘুরে, রাখি নি কোনও মায়ার বাঁধন
তার পরেও, প্রতি ভোরবেলায় তোমায় দেখতে চেয়ে
পথ হাঁটি, হয়ত একহাতে দিনের বাজার নিয়ে ।
অকূল নদীর পারে আমরা মাঝেমাঝেই রচি ইন্দ্রপুরী, সে বাড়ি জিনিষপত্রের অধরা । সেখানে শুধুই জানালার এ পাশে অথই সমুদ্র । প্রবালরত্ন দিয়ে আমরা সাজাই নীল আলোর বেডরুম, যদিও সেইবার তুমি চেয়েছিলে গোলাপী। বড় নিষ্ঠুর রঙ, আমি বলেছিলাম, প্রথম রাতের চাঁদের মত চোখ কেটে বসে যায়। এত অবিবেক বর্ণনা তোমার সহ্য হয়নি, অভিমান করে বলেছিলে, তুমি বড় নিষ্ঠুর, নীল। আমি স্টুডিওতে সেইবার তোমার একটা কাটা মূর্ত্তি যত্নে সাজাচ্ছি, সুন্দর না হলে আমাদের আর কী? তা’ও তোমার পছন্দ হয়নি, এ বাড়িতে আলো কই, শুধু দেয়াল। কোন্ অবরুদ্ধ স্মৃতি কক্ষে তোমার মূর্ত্তি আমি রেখেছি, জানতে চেয়ে তুমি বলে উঠেছ, “ইনশাল্লাহ” । তখন আমি তোমার ছবি সাজিয়েছি, ময়ুরকন্ঠী রঙে, যে রঙটা আমরা পরের বার দেবো ভেবেছিলাম । সেখানেও তোমার অপছন্দ, বলে উঠলে তুমি বড় সুন্দর, নীল। এত সুন্দর, যেন চোখ কেটে বসে যায়। এর পরের বার, ঘরটা সবুজ করে দিও।
তোমায় ওরা কেঊ চিনতে পারেনি
শুধু রক্ত দেখেছে তোমার স্নানঘরে ।
বাথটবে শুয়ে তুমি, শিরাবিস্তারে
তোমায় দেখে ওরা কেটেছে কব্জী
তার পরেও কেঊ চিনতে পারেনি ।
এত আত্মহত্যা তোমার ক্লান্তিকর লাগে আজকাল,
তৃষ্ণা সহজে মেটে না
আর অনেক রক্ত এমনিতেই বয়ে যায়,
নদীর পিপাসা মেটায় ।
তার পরেও তুমি অতৃপ্তা,
আমায় নাম ধরে ডেকেছিলে অনেককাল আগে ।
এ যুগের ও আগে সেই যুগ
যখন আমরা অকপট বন্ধু ছিলাম ।
আমি এখন ও একইরকম
তুমিই শুধু আমায় চেয়ে পাওনি ।
সুচিত্রা, তোমার সেই ছবিটা মনে আছে
কলেজ স্ট্রীট থেকে ফেরবার সময়
তুমি পিয়ানোয় বসেছিলে ।
সেদিন আমার কাছে ছিল সামান্য মুক্তিপণ
তার পরেও করেছি অসাধ্যসাধন ।
সেদিন আরো যাওয়ার কথা ছিল পুরানো কবরখানায়
এক রহস্য এপিটাফে আমাদের নাম ছিল ।
তুমি বলেছিলে, আর দূরে যেও না
এর পরে আছে অখণ্ড অভিশাপ ।
তোমায় ডেকেছিলাম মৃত মানুষের জমায়েতে,
তুমি অবলীলায় এসেছিলে, আমায় ভালবেসে ।
সুচিত্রা, তোমার সেই ছবিটা মনে আছে ?
Canto 1: Scene 4
