প্রেমের পুণ্যশ্লোক একদিন
তোমার মনে হয়েছিল একান্তই অবান্তর ।
এ সব কথা বিকেলের টেলিভিশনে তাত্ত্বিক আলোচনার জন্য তোলা থাক । পয়সা ফেললেই
ভালবাসার তামাশা দেখা যায়, কোথায় বিক্রি হয় মন, কে দেয় দাম, কারই বা আছে কেনবার দায় !
সব প্রেম হয়ত পরিণতি পাবে না, শোয়ার আগে প্রসাধন তুলে ফেলার মত তুমি একদিন সব বিদ্বেষ
ভুলে যাবে। তোমার শুধু মনে থাকবে নদীর পারে সেই গাছ ,যার সবুজ পসরায় তুমি এমনিই বসেছিলে
কিছুক্ষণ । নীল শাড়িতে সেজে ওঠা সেই মেয়েটা , পৌষ মেলা থেকে সে কিনেছিল বাউল পুতুল ,
তুমি ওর দেখাদেখি মাটিতে এসে বসেছিলে । দূরে কেউ গাইছিল, মানব জমিন নিয়ে
একটা গান , যা তোমায় অল্প ভারাক্রান্ত করে
তোলে । ইরা একদিন এই গানটা নীল গীটারে গেয়েছিল ।
আমি শুধু, খুব কাছ থেকে দেখব তোমায়, এই সহজতায়, শব্দ সাজাতে থাকি । তোমায় উপহার দিই
নিশ্চয়তা, শৈল্পিক অভিমান, যাতে তুমি নিজের মত দাম মেটাতে পারো । তোমার কোন ঋণ আমি
রাখিনা , না রাখি কোন অনাবশ্যক পরিচয় যা তোমায় অল্প ভারাক্রান্ত করে তোলে ।
অন্তহীন দ্বেষ পেরিয়েও
তুমি একইরকম নির্বিকার
এরকমই হওয়ার ছিল,
আমায় অনায়াসে বলেছ তুমি
চলে যাওয়ার কোনও বিশেষ মুহূর্ত হয় না ।
যে কোনও লহমায় সহজে ফিরে
আসা যায় ,
অনামিকায় ধারণ করি স্মৃতিবিজড়িত
হলুদ পাথর ।
এ স্বপ্নের
যবনিকাপতন, মনে হয়,
এখনি হওয়ার কথা ছিল, চলো
রাত হয়
ত্রিরঙ্গ
মুদ্রায় তুমি ধরেছিলে গোলাপী আঁচল
তোমায় কেঊ দেখতে পায় নি,
উজ্জ্বল মঞ্চের সাঁঝবেলায়
তারপরেও তুমি চেয়েছিলে
অশান্ত ঈশান কোনে সিঁদুরে সঙ্কেত
অশেষ বেনারসী
পড়ে মণিকর্ণিকায় ।
তোমার আশায় কালো ধোঁয়া
আর মৃতের সুঘ্রাণ
দশ্বাশ্বমেধের সন্ধ্যারতি,
তুমি , সুচিত্রা
।
আমি এক অদৃশ্য ভেলায়,
দেয়াল পেড়িয়ে দুইপাশে
নীল আর গোলাপী বেনারসী
পড়ে, তুমি আর ইরা ।
সাগর পারে
সেদিন তোমার অভিমান
ভাঙা নৌকায়,
আমি ।
Canto 1: Scene 15
No comments:
Post a Comment