Sunday, 13 September 2026

১৭. নীল বাঁশি

 


স্বল্প পরিচয়ে তুমি আমায় ঠিকই চিনেছিলে, আমি ঠিক সেরকম নই, যেমন তুমি দেখো চিনেছিলে আমায় পলাপাথরের বর্ণিমায়, করতলে লিখে রেখেছিলে সঙ্গত অভিমান সঙ্কেত সাত জন্ম পেরিয়ে এই হঠাৎ আলাপ, এর অভিঘাত সামান্য ধীর লয়ে অস্থির করেছিল আমাদের প্রতিদিনের মত রাতের ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে, আমার কথাই ভাবছিলে তুমি আমি কী ভাবছিলাম, এ মীমাংসা অতি সহজ

তুমি মধ্যমায় স্পর্শ করেছিলে আমার মারক তত্ত্ব আলোচনায় নিতান্ত মনোযোগী না হয়েও, তুমি বলেছিলে এদিন আমরা দূরে চলে যাই জন্মান্তরের কোনও স্মৃতি, ভ্যাম্পায়ার কক্ষের চিরপরিচিত কাহিনী কে সে অজানা শাহেনশাহ, যার ডাক শোনো আত্মা-নির্বাণে কাকে চাও অঙ্গ- সঙ্গমে, তুমি জানো

তোমায় চেনে না এই ঘর, এই অজানা পুরুষ, নির্বাক তোমার আমন্ত্রনে

 

সায়ম্বীজকোষে তোমার আগম

বহুকাল আগে, এই জেনেসিস পেরিয়ে

তারও আগের চতুর্দ্দশীতে,

তুমি লিখেছিলে আকাশপত্র

কোথাও মরণ কামনা নিহিত থাকে তোমার শব্দসন্ধানে

তুমি সহজেই লিখে ফেলতে পারো অনির্বাণ বিরহ

রক্তসমুদ্র পেরিয়ে তোমার পূজার অর্ঘ্য এনেছিলাম আমি

সযত্নে সাজিয়েছিলাম তোমায়, নীল বাঁশির সুরে

তাতে মন ভোলেনি তোমার,

এই পৃথিবীতে এখনো অনেক আলাপন

তার সংখ্যা নির্ধারণ করেছিলে তুমি,

সাংখ্যমতে আমরা চিরবিবাহিত,

সে তুমি যতই না মানো

 

রাজী হলে দেখা কোরো

গতকাল, অমাবস্যা ছিল

তুমি পাষাণী, আমায় বললে আজ

কথায় কথায় চন্দ্রাহত

আমি তক্ষ্মশিলায় সম্মতি শাণিত তৃতীয়া

পৃথা, তুমি হীরি চেয়েছিলে নাভীমূলে

সে হীর যদিও গোলাপী

পায়ের পাতায় শীত ছিল সে রাতে

যখন তুমি চাইলে আমায়

 

আমি অজন্তায় তোমায় চেয়েছি

খাজুরাহো জুড়ে শুধুই ময়াল

তুমি চোখের তারায় আঁকলে রূদ্ধসঙ্গীত

আমি, আস্তে, সন্তর্পনে জড়াই তোমার কোমর

তুমি শান্ত, শুয়ে নিয়েছ আমায়

 

নির্জন সমস্ত কাহিনীর আলোছায়ায়

সর্সর্শব্দে গাছের পাতায় কে চলে,

মাটি নিজেই জন্মান্তরে

সেধেছে ভয়াল সংবেদন

পার্থিব বেদনারও আরও অনেক পরে

আমার দিনযাপনে শুধুই ইচ্ছে সহমর্মী,

আমি জানি কি অপূর্ব দ্যোতনায়

বৃক্ষরাজি আকাশে হাত বাড়ায়

 

এ জন্মের মুক্তি অভিন্নহৃদয়

দায় ফুরোবার পরেও আমি বলেছি সুপ্রভাত,

সর্পিল অতল রেখাপাত নিয়ে

আমি লিখেছি রক্তরাত |

 

হৃদয়ের কাঁটাতারের অদ্ভূত সমন্বয়

সে প্রথা ধার ধারে না মেকী বাস্তবের

সে নিয়ম যথার্থই সমান্তরাল

পরিচয়ে জেনো, আমি অনন্ত ময়াল


Canto 1: Scene 17




১. পুর্বকথা

  এ কাহিনী হঠাৎই সৃষ্টি , এ জন্মে বিশেষ পূর্বপরিকল্পনা করিনি । সহসাই প্রবাহিত হয়েছে মৃত্যু নদী , হরিদোয়ারে গঙ্গায় শিকল ছিড়ে গেছে ।   ভাসিয়ে...